২৯ জানুয়ারি ২০২০
ডেস্ক রিপোর্ট : ২০২৩ সালের মধ্যে ঢাকা-সিলেট চার লেন রোডের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী ৫০ বছরে যেন এ র্যুটে যাতায়াতের সমস্যা না হয়, সেই পরিকল্পনা নিয়ে ঢাকা-সিলেট রোড তৈরি করা হবে।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা-সিলেট চার লেন রোড তৈরির পরিকল্পনা নিয়ে সিলেটের মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
করোনা ভাইরাস তিনি বলেন, চীনে করোনা ভাইরাস নিয়ে চলমান সঙ্কটের পরিপ্রেক্ষিতে দেশটিতে থাকা আগ্রহী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। চীনফেরত ওই বাংলাদেশীদের কেউ করোনা ভাইরাসের বাহক কিনা তা পর্যবেক্ষণ করা হবে।
মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে চীন থেকে প্রবাসীরা বাংলাদেশে ফিরলে এখানেও তাদের পর্যবেক্ষণে রাখা হবে। আমরা চাই না, আমাদের এখানেও এটা ছড়িয়ে পড়ুক। তবে চীন এ বিষয়ে খুবই কড়া। ১৪ দিন না হলে তাদের ফিরতে দেবে না।
বৈঠকে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মৌলভীবাজার-২ আসনের সুলতান মো. মনসুর আহমদ, সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ মজুমদার, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মো. মনসুর আহমদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, স্বাচিপ নেতা ডা. রবিন প্রমুখ।