২৬ জানুয়ারি ২০২০
নিজস্ব প্রতিবেদক : নতুন কোচ নিয়ে সিলেট-চট্টগ্রাম রুটে যাত্রা করেছে আন্তঃনগর পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন। রোববার দুপুরে সিলেট রেলস্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কোচ সম্পন্ন ট্রেন দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশে রেল ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেছে। আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার পথে হাঁটছি। মুজিববর্ষে জনতার সেবাদান সম্প্রসারণের লক্ষ্যে সিলেট রুটসহ অন্যান্য রুটে নতুন ট্রেন দেওয়া হয়েছে।
উদ্বোধনকালে সিলেট রেলস্টেশনে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান।
সিলেটের জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলামের সঞ্চালনায় উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট ইউমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়।
এসময় তিনি সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেনের নতুন কোচ দেওয়ায় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট চালুর দাবি জানান।
নতুন সংযুক্ত ট্রেনের কোচগুলো ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে। সিলেট-চট্টগ্রাম রুট ছাড়াও দেশের অন্য অঞ্চলগুলোতেও ট্রেনের নতুন কোচ সংযোজন করা হয়েছে। যেগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া ভিডিও কনফারেন্সে অন্যান্য প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার এম মশিউর রহমান এনডিসি, অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র, পুলিশ সুপার ফরিদ উদ্দিন, উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা, কর কমিশনার রনজিত সাহা।
রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম শোয়েব প্রমুখ।