২১ জানুয়ারি ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় রাজন আহমদ (৩৩) নামে এক যুবককে হত্যার পর হাসপাতালে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহত রাজন সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকার আশিক মিয়ার ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাজনের বাড়ি উপজেলার বুদ্ধিমন্তপুর গ্রামে হলেও তিনি শহরের সুলতানপুর এলাকায় বসবাস করতেন। সকালে শহর থেকে বুদ্ধিমন্তপুর বাড়ি যাচ্ছিলেন। পথে শহরতলীর বালিকান্দি খেয়াঘাট এলাকা থেকে তাকে অপহরণ করে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সাল জামান বলেন, সকাল ৯টা ১০ থেকে ৯টা ২০ এর মধ্যে চার যুবক মিলে এক যুবকের মরদেহ জরুরি বিভাগে রেখে পালিয়ে যায়। আমরা সিসি টিভি ফুটেজ দেখেছি, কিন্তু ভালো করে বুঝা যাচ্ছে না। পুলিশের হাতে সিসি টিভি ফুটেজ দিয়ে দিব, তারা তদন্ত করবে।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) পরিমল দেব বলেন, শহরতলীর বালিকান্দি কেয়াঘাট থেকে রাজনকে অপহরণ করে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর একটি সিএনজিচালিত অটোরিকশায় রাজনের মরদেহ তুলে মৌলভীবাজার সদর হাসপাতালে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পেছনে কারা আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, নিহত রাজন শহরের হিলালপুর এলাকার পীর আজাদের ছোট ভাই রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত ৮নং আসামি। তিনি এ মামলায় জামিনে ছিলেন।