৯ সেপ্টেম্বর ২০১৭
ওসমানীনগর প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে জমিয়ে তুলতে ওসমানীনগর উপজেলায় প্রতিমা তৈরি ও সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগররা।
উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত সব মিলিয়ে গত বছর ৩২ টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হলেও এবছর আরো কিছু পূজা মন্ডপ বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ওসমানীনগর উপজেলা শাখার আহবায়ক সত্যেন্দ্র কুমার পাল কানু।
সরেজমিনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি মন্ডপে প্রতিমা তৈরীর কাজ করছেন নবীগঞ্জ উপজেলার শাখোয়া গ্রামের মৃৎ শিল্পী মাধব পাল, মানবেন্দ্র পাল ও তপু পালসহ কয়েকেজন।
এ বছর তেরহাতি দূর্গা পূজার এক যুগপূর্তি হবে। যুগপুর্তি উপলক্ষে পূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন তেরহাতি পূজা উদযাপন পরিষদ।
মৃৎ শিল্পী মাধব পাল জানান, গতবছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরীর কাজ একটু বেশি। দুই সপ্তাহের বেশি সময় ধরে এ মন্ডপে প্রতিমা তৈরীর কাজ করছি। প্রতিমা যাতে দৃষ্টি নন্দন হয় সেই লক্ষে আমারা চেষ্ঠ চালিয়ে যাচ্ছি।
তেরহাতি সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপুর চন্দ্র গুন বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর শারদীয়া দুর্গা পূজা শুরু হবে। ২৯ সেপ্টেম্বর দশমী পূজা ও বির্সজনের মধ্যে দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে। এ বছর আমাদের পূজা মন্ডপে একযুগ পূর্তি হবে। তাই এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার লক্ষে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি।
এদিকে, মন্ডপে সুষ্ট পরিবেশের জন্য আয়োজকদের নিজস্ব ১০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দলসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
(আজকের সিলেট/৯ সেপ্টেম্বর/প্রতিনিধি/এসটি/ঘ.)