২৯ ডিসেম্বর ২০১৯


‘আগামীর প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে গুরুত্ব দিতে হবে’

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

রোববার দুপুরে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। আমাদের বর্তমান ও আগামীর প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ কমছে না, বরং বিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। সবার জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ায় সরকার কাজ করে যাচ্ছে। যে স্বপ্ন নিয়ে একটি স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছে, সেই স্বপ্ন তরুণরাই পূরণ করবে। তরুণরাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়া, বিসিএসআইআর এর প্রধান বৈজ্ঞানিক মো: আহসান হাবীব প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

শেয়ার করুন