১৫ ডিসেম্বর ২০১৯
ডেস্ক রিপোর্ট : কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। বিক্ষোভ মিছিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রোববার কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এই মিছিল অনুষ্ঠিত হয়। সকাল ১১ টার দিকে মিছিলটি নগরের কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
এসময় বক্তারা বলেন, ‘তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিচারের নামে অবিচার চালিয়ে অন্যায়ভাবে আটকে রেখেছে। কারান্তরীণ থাকা অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাঁর জীবন নিয়ে শঙ্কিত। কিন্তু সরকার তাঁর মুক্তি নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে। দেশনেত্রীর মুক্তি নিয়ে কোন টালবাহানা গণতন্ত্রকামী জনতা মেনে নিবেনা।
সিলেট জেলা ও মহানগর, বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা।’