১৭ জুন ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসনের বর্তমান কাউন্সিলর ও আসন্ন সিসিক নির্বাচনে একই সংরক্ষিত আসনের (২২,২৩ ও ২৪নং ওয়ার্ডের) কাউন্সিলর পদপ্রার্থী রেবেকা আক্তার লাকির স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল কাদের মালেক উপশহরের সৈয়দানিবাগ উন্মেষ-২৮ ঠিকানার মৃত আব্দুল লতিফের ছেলে।
শনিবার বিকেলে নগরের শাহজালাল উপশহর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী বলে জানিয়েছে পুলিশ। তবে তাকে একটি ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এসএমপির শাহপরাণ থানার এসআই মোস্তাফিজ।
অভিযোগে প্রকাশ, আব্দুল কাদের মালেক বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত। তিনি ব্রাম্মণবাড়িয়ায় দায়েরকৃত একটি হত্যা ও ডাকাতি মামলায় (নং-১৮ (৫) ২) দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। দীর্ঘদিন থেকে তিনি পালিয়ে ছিলেন।
তার গ্রেফতারে উপশহর সৈদানিবাগ এলাকার জনমনে স্বস্তি নেমে আসে বলেও জানিয়েছেন স্থানীয়রা। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।