২৬ ডিসেম্বর ২০১৯
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সংস্কারহীন জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুর অংশের ১৩ কিলোমিটার উন্নত মানের সংস্কার কাজের জন্য প্রায় ২৩ কোটি টাকার টেন্ডার সম্পন্ন হয়েছে।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, স্থানীয় সংসদ সদস্য মাননীয় পরিকল্পনামন্ত্রী মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় আধুনিক ও উন্নতমানের টেকসই কাজের জন্য গত মাসের ৬ নভেম্বর প্রথমবারের মতো প্রায় ২৩ কোটি টাকার দরপত্র (টেন্ডার) আহবান করা হয়েছিল। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার ছিল টেন্ডার ড্রপিংয়ের শেষ দিন। তিনি জানান, রি-টেন্ডার না হলো আশা করছি, আগামী বছরের শুরুতেই কাজ শুরু হবে।
প্রসঙ্গত, সিলেট বিভাগীয় শহরের সঙ্গে জগন্নাথপুর উপজেলা বাসির যোগাযোগের একমাত্র প্রধান সড়ক হচ্ছে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশা বিরাজ করছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।
এজন্য সংস্কারের দাবিতে কয়েকবার পরিবহণ ধর্মঘট পালন করা হয়েছে। সড়কের জন দুর্ভোগ নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দরপত্র আহবানের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে।