২ ডিসেম্বর ২০১৯
ডেস্ক রিপোর্ট : নগরীর নয়াসড়ক জামে মসজিদের মিনার ধসে পড়েছে। এতে ৪ জন পথচারী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেল ভেঙ্গে গেছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নয়াসড়ক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নয়াসড়ক জামে মসজিদের পুনর্নির্মাণের জন্য কয়েকদিন আগ থেকে মসজিদ ভাঙ্গার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় নয়াসড়ক জামে মসজিদের মিনার ভাঙ্গা শুরু করেন শ্রমিকরা। কিন্তু অপরিকল্পিতভাবে মসজিদের মিনার ভাঙ্গার কারণে তা ধসে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসে উদ্ধারকর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়র আরিফ বলেন, আহতদের চিকিৎসা এবং ভেঙ্গে যাওয়া মোটরসাইকেলের ক্ষতিপূরণ সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রদান করা হবে। এ ঘটনায় সিসিকের পক্ষ থেকে তদন্ত কমিটি করে দেওয়া হবে বলে জানান তিনি।
নগরীর রাস্তার উপর মসজিদের মিনার ভেঙ্গে পড়ায় নায়াসড়ক এলাকায় তৈরি হয়েছে যানজট। উৎসুক জনতার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। এদিকে পুলিশ, র্যাব ও সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করছেন।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। ধসে পড়া মিনারে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে মিনারটি ধসে পড়ার কারণ জানতে তদন্ত কমিটি করে বিস্তারিত জানা যাবে।