১ জানুয়ারি ২০২৪


ইজিবাইক দুর্ঘটনার জেরে তিন গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লোকড়ায় দুই ইজিবাইকে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে পুলিশ। সংঘর্ষে আহতদের বেশ কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাতে লুকড়া ইউনিয়নের ধল পয়েন্টে এ সংঘর্ষ হয়।

সদর আধুনিক হাসপাতালে আগত আহত ও স্থানীয়রা জানান, সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বন্দর আলী এবং ধল গ্রামের জসিম মিয়ার ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে তারা একে অপরের ওপর চড়াও হন। এ খবর তাদের গ্রামে ছড়িয়ে পড়লে উভয়ের পক্ষ নিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে ভাটপাড়া গ্রামের পক্ষ নিয়ে বামকান্দি গ্রামের লোকজনও সংঘর্ষে যোগ দেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।

এদিকে, আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক একজনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।

হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, কী নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানার চেষ্টা চলছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান জানান, পুলিশের পক্ষ থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

শেয়ার করুন