২৪ নভেম্বর ২০১৯


নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, একজন পুরুষ শিক্ষিত হলে শুধু তিনি নিজেই শিক্ষিত হন আর একজন নারী শিক্ষিত হলে শিক্ষিত হয় একটি পরিবার, একটি গ্রাম সর্বোপরি একটি দেশ। তাই শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়লে পুরো দেশ উপকৃত হবে। তাই নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

রোববার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ২১৮ জন ছাত্র-ছাত্রীকে ১৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা বৃত্তি প্রধান করা হয়। এসময় জেলা পরিষদের মাধ্যমে বৃত্তি পাওয়াদের প্রায় ৯৭ শতাংশই মেয়ে হওয়ায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

ড. মোমেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর প্রায় দুই কোটি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন। এতে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ে এবং আরো ভালো করার অন্বেষা জাগে।

জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুতফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

আরো বক্তব্য রাখেন- সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সীমান্তিকের চীফ পেট্রন ড. আহমদ আল কবীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ প্রমুখ।

শেয়ার করুন