২২ নভেম্বর ২০১৯


মাধবপুরে মালবাহী ট্রাক খাদে, হেলপার নিহত

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের সহকারী (হেলপার) খালেক মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সে কুষ্টিয়া জেলার লক্ষিপুর উপজেলার তৈলিয়াকান্দি গ্রামের সাহেব আলীর ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার উপজেলার শাহজীবাজার এলাকায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় চালকসহ গুরুত্বর আহত হয়েছেন আরও ৩ জন। তারা হলেন, ইউনুস আলী (৪১), লিচু মিয়া (৪৪) ও অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ লিয়াকত আলী বলেন, শুক্রবার সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ন ১৫-৯১১৯) ছেড়ে আসে। বেলা সাড়ে ১১টার দিকে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় পৌঁছামাত্র ট্রাকের সামনে একটি চাকা নষ্ট হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক সহকারী (হেলপার) নিহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। এবং আহত ট্রাক চালককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন