১২ নভেম্বর ২০১৯


বালুর বদলে ‘লাল মাটি’ দিয়ে হচ্ছে রাস্তা নির্মাণ

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নে গদার বাজার থেকে ইউনিয়ন পরিষদের সড়ক পাকাকরণ কাজে রাস্তার কাজে বালুর পরিবর্তে লালমাটি ব্যবহারের অভিযোগ উঠেছে। এছাড়া নিন্মমানের বালু ও নিয়মনীতি তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমত কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জেসান এন্টারপ্রাইজ।

এলজিইডি সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে গদার বাজার থেকে ইউনিয়ন পরিষদের সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাভুক্ত। ৭৪০ মিটারের রাস্তাটি ৫৪ লাখ টাকা ব্যয়ে কাজটি পেয়েছে এলজিইডি’র তালিকাভুক্ত হবিগঞ্জের লাখাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান জেসানএন্টার প্রাইজ ।

স্থানীয়দের অভিযোগ, গত ১ মাস যাবত উপজেলার গজনাইপুর ইউনিয়নের গদারবাজার হতে ইউনিয়ন পরিষদের সড়কটির নির্মাণে কাজ চলছে। তবে সড়কটির নির্মাণ কাজ যেকোন ভাবে সম্পন্ন করতে মরিয়া হয়ে উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। রাস্তার নির্মাণ কাজে ৬ ইঞ্চি বালু ব্যবহারের নির্দেশনা থাকলেও বালুর পরিবর্তে ব্যবহৃত হচ্ছে পাহাড় কেটে উজাড় করে নিয়ে আসা লাল মাটি। সড়কের পাশে লামরোহ গ্রামের জয়নাল মিয়ার পাহাড় থেকে স্থানীয় কুতুব নামে এক ব্যক্তি অবৈধভাবে পাহাড় কেটে পাহাড়ের লাল মাটি ব্যবহার করছে রাস্তায়।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা (এলজিইডি) প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, আমরা সরজমিনে গিয়ে খোঁজ-খবর দেখেছি লাল মাটি ও চিকন বালু ব্যবহার করা হচ্ছে। পরে আমরা আমরা ঠিকাদারকে জানিয়ে দিয়েছি মোটা বালু দিয়ে রাস্তার কাজ করতে।

শেয়ার করুন