২৮ অক্টোবর ২০১৯
অতিথি প্রতিবেদক : স্বাভাবিকভাবে আবেদনের ২১ দিনের মধ্যে পাসপোর্ট সরবরাহের নিয়ম। কিন্তু সিলেটে এই পাসপোর্ট দুই মাসেও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে আবেদনকারীদের। প্রতিদিন সিলেট বিভাগীয় আঞ্চলিক অফিস থেকে হাজারো আবেদনকারী ধরনা দিয়ে ফেরত যাচ্ছেন। আর সময় মতো পাসপোর্ট না পাওয়ায় সমস্যায় পড়েছেন বিদেশ গমনেচ্ছু, শিক্ষার্থী এবং রোগীরা।
তবে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, ডিমান্ডের তুলনায় ঢাকায় প্রিন্টিং কম হওয়ায়, আবেদকারীদের পাসপোর্ট পেতে বর্তমানে বিলম্ব হচ্ছে।
সিলেট বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়, পাসপোর্ট বিতরণের কক্ষটিতে ভিড় লক্ষনীয়। কেউ কেউ দায়িত্বশীলদের সাথে একবার কথা বলার জন্য চেষ্টা করেও তা পারছেন না। অফিস রীতিমতো গণরুমে পরিণত হয়েছে। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হতাশা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এর মধ্যে মহিলা, শিশু ও বয়োবৃদ্ধদের বেশী কষ্ট হচ্ছে। বিতরণ শাখার কর্মকর্তাদেরও একসাথে এতো লোক সামাল দিতে শরীরের ঘাম ঝরাতে হচ্ছে।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পাসপোর্টের তথ্য জানার এসএমএস সার্ভিসটিও অকার্যকর। শতবার মেসেজ পাঠালেও কোন রিপ্লাই আসে না।
এ ব্যাপারে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালকের সরকারী মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
তবে পাসপোর্ট কর্তৃপক্ষের একজন কর্মকর্তার জানিয়েছেন, চাহিদার তুলনায় ঢাকায় প্রিন্টিং কম হচ্ছে। তাই আবেদকারীদের পাসপোর্ট পেতে বিলম্ব হচ্ছে।