২৬ অক্টোবর ২০১৯


এপ্রিলে সিলেট থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : আগামী বছরের এপ্রিল মাস থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে বলে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে মেগা প্রকল্প নেয়া হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কে পর্যটন মন্ত্রণালয়ের নিজস্ব পরিবহন থাকবে। যাতে বাইরে থেকে মানুষ এসে সহজে যাতায়াত করতে পারে। হবিগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে থাকার জন্য সুব্যবস্থা করা হবে। যাতে পর্যটকরা নিরাপদে থাকতে পারেন। সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এ বিভাগের মানুষ সরাসরি ফ্লাইটে বিদেশে যাতায়াত করতে পারবেন।

শনিবার দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান বিথঙ্গল আখড়ায় ভক্ত নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আখড়া কর্তৃপক্ষ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আখড়ার প্রধান সুকুমার মোহন্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো. মহিবুল হক, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রামচন্দ্র দাশ, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নূরুল ইসলাম, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ মহারাজ, ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর ব্রহ্মচারী প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী সাগড়দিঘিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।

শেয়ার করুন