১৫ অক্টোবর ২০১৯
উপজেলা প্রতিনিধি, আজমিরীগঞ্জ

হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কেয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি মেয়েটির বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার কথা চলছিল বলে জানিয়েছেন এলাকাবাসী। নিহত কেয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মিক্রা এলাকার কিনাই মিয়ার মেয়ে।
সোমবার রাতে পরিবারের লোকজন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাস্থল ইটনায় তাই এ ব্যাপারে ইটনা থানা পুলিশ তদন্ত করবে।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ফরহাদ আহমেদ অনিক বলেন, মেয়েটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রথমে হাসপাতালে জানানো হয় সে হৃদরোগে আক্রান্ত হয়েছে। তবে পুলিশ আসার পর তারা বলেছে কেয়া আত্মহত্যা করেছে।