২২ সেপ্টেম্বর ২০১৯
উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ

মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরান মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত ইমরান মিয়া কমলগঞ্জ সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে।
রোববার বিকেল ৪টার দিকে উপজেলার শমশেরনগর-কমলগঞ্জ সড়কের কামদপুর বাঁক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সরইবাড়ি গ্রামের সাফি মিয়াকে (১৮) গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাম জানা যায়নি।
পুলিশ জানায়, কমলগঞ্জ-শমশেরনগর সড়কের কামদপুরবাঁক এলাকায় দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এতে কিশোর ইমরান মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।