৯ সেপ্টেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক, সিলেট : ওসমানীনগরে ধর্ষণ মামলার এক আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনায় মা ও মেয়েকে ধর্ষণ মামলার আসামী খোকন মিয়া (২৮) নামের যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে রোববার দিবাগত রাতে উপজেলার বড় ইউসুফপুর গ্রামে পুলিশের সাথে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয় সে। পরে তাকে গ্রেফতার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্যও গুলিবিদ্ধ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন জানান, খুলনায় বিয়ের আশ্বাসে এক নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেন খোকন। বিষয়টি প্রতারণা বুঝতে পেরে ওই নারী বিয়ের জন্য চাপ দেন। এ নিয়ে খোকনের সঙ্গে তার মনোমালিন্য হয়। গত ১০ আগস্ট ওই নারীর মেয়েকে বিয়ের আশ্বাস দেখিয়ে সিলেট নিয়ে আসে খোকন। ওসমানীনগরে বড়ইউসুফপুর গ্রামের এক প্রবাসীর বাসায় রেখে তাকে ধর্ষণ করেন। ওই বাসায় খোকনের বাবা জাহাঙ্গীর কেয়ারটেকার হিসেবে থাকতেন। পরে জাহাঙ্গীরের মোবাইল দিয়ে ওই মেয়ে তার মাকে বিষয়টি জানায়। গত শনিবার ওই মেয়ের মা সিলেটে এসে মামলা করেন। গতকাল রাতে বড় ইউসুফপুর গ্রাম থেকে খোকনকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে কয়েকজন লোক পুলিশের গাড়ি থামিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়লে খোকন গুলিবিদ্ধ হয়। পুলিশের এক এসআই ও দুই কনস্টেবলও আহত হয়েছেন।
এ ঘটনায় একটি অ্যাসাল্ট মামলা দায়ের করা হয়েছে। খোকনের বাবা জাহাঙ্গীরকে আটক করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। কিশোরীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।