২৫ আগস্ট ২০১৯


সিসিকের ৭৮৯ কোটি টাকার বাজেট ঘোষণা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বাজেটের আকার ৭৮৯ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার টাকা। রবিবার দুপুর ১২টায় নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলের বলরুমে এই বাজেট ঘোষণা করা হয়।

বাজেটে হোল্ডিং ট্যাক্স ৪৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর ৮ কোটি ৫০ লাখ টাকা, ইমরাত নির্মাণ ও পুনঃনির্মাণের উপর কর ২ কোটি টাকা, পেশা ব্যবসার উপর কর ৬ কোটি ৫০ লাখ টাকা, বিজ্ঞাপনের উপর কর ১ কোটি ২০ লাখ টাকা, বিভিন্ন মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফি বাবদ ২৫ লাখ টাকা প্রভৃতি উল্লেখযোগ্য আয়ের খাত ধরা হয়েছে।

এছাড়া সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরী খাতে ২০ কোটি টাকা, সরকারি বিশেষ উন্নয়ন সহায়তা মঞ্জুরী খাতে ১০ কোটি টাকা, সিলেট মহানগরীর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে ২০০ কোটি টাকা আয় দেখানো হয়েছে।

বাজেটে রাজস্ব খাতে ৬৭ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়া অবকাঠামো খাতে ৫২ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

কর নির্ধারক চন্দন দাশের সঞ্চালনায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর ইকু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস পুরকাস্থসহ সিকিক এর কাউন্সিলরসহ নাকরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিসিকের মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল ইসলাম আল হাদী, গীতা পাঠ করেন জ্যোতিষ চক্রবর্তী, বাইবেল থেকে পাঠ করেন ডেভিড মনু দাস, ত্রিপিটক থেকে পাঠ করেন শ্রী আনন্দ ভিক্ষু।

শেয়ার করুন