১৩ আগস্ট ২০১৯

গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদ থেকে ভাসমান অবস্থায় ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পিয়াইন নদের কান্দুবস্তি এলাকা থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি ভারতের রাজস্থানের মানপুর এলাকার রামকল্যাণ শর্মার ছেলে প্রমোত শর্মা (৩৫)।
গত ১১ আগষ্ট ভারতের উমটগট নদীতে সে নিখোঁজ হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও বিজিবি জানায়, মঙ্গলবার সকালে উপজেলার জাফলংয়ের কান্দুবস্তি এলাকায় পিয়াইন নদে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার এ এস আই রাজিব রায় লাশটি উদ্ধার করেন। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয়দের কাছে ওই ব্যক্তির মরদেহটি হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় জানান, মরদেহটি ভারতীয় এক নাগরিকের। তার পরিচয় শনাক্ত করেছেন নিহতের বড় ভাই নরেন্দ্র শর্মা। আইনী প্রক্রিয়া শেষে ভারতীয় পুলিশের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।