৩ আগস্ট ২০১৯


কুলাউড়ায় যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া

মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় রনি শর্মা (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রনি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলি গ্রামের বাসিন্দা রণজিৎ শর্মার ছেলে।

শুক্রবার রাতে রনির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রনি টিলাগাঁও বাজারে রেল স্টেশন সড়কে অবস্থিত যন্ত্রাংশ বিক্রির একটি দোকানের কর্মচারী ছিলেন। ওই দোকানটির মালিক স্থানীয় বাসিন্দা ফরহাদুল হক। বিকেল ৪টার দিকে পাশের এক দোকানদার রনিকে ফরহাদুলের দোকানের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন রনি একাই দোকানে ছিলেন। পরে পাশের ওই দোকানদার মুঠোফোনে বিষয়টি ফরহাদুলকে জানান।

খবর পেয়ে ফরহাদুল ও রনির স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে রনিকে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যা ৭টার দিকে তাকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। পরে কুলাউড়া থানার পুলিশ গিয়ে রনির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রনি মারা গেছেন।

শেয়ার করুন