১ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরী আখালিয়া এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং তা থেকে একপর্যায়ে গুলির ঘটনা ঘটেছে। এতে রাকিব আহমদ নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন উভয় গ্রুপের আরো তিন নেতাকর্মী।
বুধবার রাতে আখালিয়া নয়াবাজার এলাকায় নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল তালুকদার ও রাজনের গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য অনুষ্ঠিত যুবলীগের সম্মেলনের জেরে ছাত্রলীগের উভয় গ্রুপ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘাতে জড়ায়। এমন সময় দু’পক্ষের মধ্যে গুলির ঘটনায় রাকিব আহমদ নামের এক পথচারী পায়ে গুলিবিদ্ধ হন। সংঘর্ষে উভয়পক্ষের আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ পথচারী রাকিব আহমদসহ অন্যদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ওসমানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন বলেন, আহতদের মধ্যে মারুফ নামের একজনের অবস্থা গুরুতর। তার শরীরে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে।