২৪ ডিসেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : মহামারী ভাইরাস করোনার তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়। দেশে করোনার সংক্রমণ-মৃত্যু নিয়ন্ত্রণে থাকলেও মানুষকে সুরক্ষিত রাখতে সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে সিলেটের মানুষকেও ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।
সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত সিলেট মহানগরীর প্রায় সাড়ে ৩ লাখ মানুষ করোনা প্রতিরোধী টিকা নিয়েছেন; এসব মানুষ দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ ছাড়া এক ডোজ ভ্যাকসিন গ্রহণকারী মানুষের সংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ।
স্বাস্থ্য বিভাগ জানায়, এখন অবধি সিলেট মহানগরীতে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে ৩ লাখ ৪৩ হাজার ৫৮৫ জন। এরমধ্যে ৫৯ হাজার ৭২৩ জন কোভিশিল্ড, ১ লাখ ৫ হাজার ২৮৯ জন সিনোফার্ম, ১ লাখ ২৬ হাজার ৪৭১ জন মডার্না, ৫২ হাজার ১০২ জন ফাইজার কোম্পানির ভ্যাকসিন নিয়েছেন।
এদিকে, প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৬২৯ জন। এরমধ্যে ৬২ হাজার ৪০২ জন কোভিশিল্ড, ১ লাখ ১০ হাজার ৮১৩ জন সিনোফার্ম, ১ লাখ ২৭ হাজার ৬৮৭ জন মডার্না, ১ লাখ ৩০ হাজার ৭২৭ জনকে ফাইজারের ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ফাইজার কোম্পানির প্রথম ডোজ ভ্যাকসিন ১৩ হাজার ৩৩৫ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে, যাদের বয়স ১১ থেকে ১৭ বছরের মধ্যে। এ ছাড়া ৯ হাজার ৫৭৮ জন এইচএসসি শিক্ষার্থীও পেয়েছে ফাইজারের ভ্যাকসিন।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, সবমিলিয়ে ৭ লাখ ৭৫ হাজার ২১৪ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন, তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।