৩১ জুলাই ২০১৯


সুনামগঞ্জে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে আব্দুর রশিদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৩ মে জেলার ছাতক উপজেলার মঈনপুর গ্রামের সহিদ মিয়ার সঙ্গে তার ছেলে আব্দুর রশিদের একটি খতনা অনুষ্ঠানে মুরগি বিক্রি করা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় আব্দুর রশিদ তার পিতাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত সহিদ মিয়াকে রাতে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতেই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছামৎ নুরুন নেচ্ছা ছেলে আব্দুর রশিদকে আসামি করে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ জিয়াউল ইসলাম বলেন, মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট হয়েছেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন বলেন, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

শেয়ার করুন