২৫ জুলাই ২০১৯


সুনামগঞ্জে ৬ বছরে বজ্রপাতে নিহত ১০৯

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : বিশ্বের সবচেয়ে বেশী বজ্রপাত প্রবণ অঞ্চল সুনামগঞ্জ জেলা। এ অঞ্চলে বর্ষায় ভারী বর্ষণের সাথে বজ্রপাতে প্রতিবছরই ঘটে প্রাণহানির ঘটনা। এতে হাওরাঞ্চলে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, মাছ ধরা ও দৈনন্দিন কার্যক্রম। বজ্র আতংক যেন হাওরবাসীর নিয়তি। দীর্ঘদিন ধরে বজ্র নিরোধক দন্ড স্থাপনের দাবি জানিয়ে আসলেও সেটি আলোর মুখ দেখেনি। এবার হাওরে বজ্রপাত কমাতে ১৫০টি বজ্র নিরোধক দন্ড নির্মাণের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এমন পরিকল্পনার খবরে হাওরবাসীর মনে আতংক কাটবে বলে মনে করছেন তারা।

জানা যায়, বর্ষা মৌসুম এলেই বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের গর্জনে ঘর থেকে বের হতে ভয় পান এ অঞ্চলের মানুষ। তবুও জীবিকার তাগিদে প্রকৃতির সাথে লড়াই করে হাওরে ফসল উৎপাদন, মাছ ধরা সহ দৈনন্দিন কাজ করে থাকেন কৃষক। এমন অবস্থায় কাজ করতে গিয়ে শ্রমিক, জেলেসহ অনেককেই প্রাণ দিতে হচ্ছে। গত ১০ দিনে ৬ পিতা পুত্রের মৃত্যুতে আরও শংকিত হয়ে পড়েন কৃষকগণ। প্রতিবছরই গড়ে ৫০ জনের মত মৃত্যু ঘটে বজ্রপাতে। গত ৬ বছরে ১০৯ জনের প্রাণহানি হয়েছে বজ্রপাতে একটি জরীপে এ তথ্য উঠে এসেছে। জেলা প্রশাসন বজ্রপাত ঠেকাতে তাল গাছ রোপন করলেও সেটি বড় হতে ৫০ বছর লাগতে পারে বিধায় তাতে ভরসা রাখতে পারছে না কৃষক।

এ ছাড়া তালগাছ রোপনের পর অনেক গাছের খোঁজ মিলে না হাওরে। সবদিক বিবেচনা করে এবার পাউবো দেড়শতাধিক দন্ড নির্মাণের প্রকল্প তৈরী করে মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ দন্ডের উচ্চতা হবে ৪০ ফুট। এর মধ্যে উপরে থাকবে ৩৬ ফুট বাকি ৪ ফুট থাকবে নীচে। বজ্র নিরোধক দন্ডে থাকবে ইলেকট্রিক ডিভাইস। দন্ডের উপর থেকে নীচ পর্যন্ত বৈদ্যুতিক আর্থিং তারও রাখা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী-২ খুশী মোহন জানান, হাওরাঞ্চলে বজ্রপাত কমাতে এবার ১৫০টি বজ্রপাত নিরোধক দন্ড নির্মাণের প্রকল্প গ্রহন করা হয়েছে। এসব প্রকল্প ডিপিপি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। দন্ড নির্মাণের প্রকল্প মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই কাজ শুরু হবে।

শেয়ার করুন