১০ মার্চ ২০২৩
মহানগর বিএনপির কাউন্সিলে ভোট দিয়ে নিজেদের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী সভাপতি প্রার্থী নাসিম হোসাইন ও মিফতাহ্ সিদ্দিকী। ছবি : আজকের সিলেট
নিজস্ব প্রতিবেদক : প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নিজেদের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করছেন সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের ১৯১৭ জন কাউন্সিলর। উৎসবমূখর পরিবেশে তিনটি পদে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন তারা।
শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে নগরীর রেজিষ্ট্রারী মাঠে স্থাপিত ভোট কেন্দ্রে ভোটগুহন শুরু হয়। টানা বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহনের কথা রয়েছে।
সরেজমিন দেখা যায়, রেজিষ্ট্রারী মাঠে কাউন্সিলরদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সুষ্ঠ ভাবে ভোটগ্রহন সম্পন্ন করতে কাজ করছেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। স্বেচ্ছাসেবকদের তৎপরতাও রয়েছে চোখে পড়ার মতো।
কাউন্সিলরদের প্রত্যক্ষ পদে নেতৃত্বের লড়াইয়ে তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করছেন নগর বিএনপির ৮ নেতা। এর মধ্যে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে দুই জন এবং সাংগঠনিক সম্পাদক পদে চার জন লড়ছেন।
এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।
সাধারণ সম্পাদক পদে প্রাথী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ।