১৮ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, এমসি কলেজের ছাত্র নেতা সৌরভ ও একই কলেজের সাবেক ছাত্র নেতা সঞ্জয় চৌধুরীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে সাবেক ছাত্র নেতা সঞ্জয় চৌধুরীর অনুসারী কয়েকজন ছাত্র কলেজ ক্যাম্পাসে আসলে ছাত্র নেতা সৌরভের অনুসারীরা তাদের মারধর করে।
পরে কলেজ ক্যাম্পাসে সঞ্জয় চৌধুরীর অনুসারীরা সৌরভের অনুসারীদের মারধর শুরু করলে একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে সৌরভের পক্ষে সিলেট সরকারী কলেজের কয়েকজন ছাত্র এমসি কলেজ ক্যাম্পাসে আসলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে। পরে কলেজ থেকে পুলিশকে জানানো হলে সেখানে গিয়ে শাহপরান (র.) থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়ে বলে জানিয়ে এসএমপির শাহপরান (র.) থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমানে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা আছে ও পরিস্থিতি শান্ত হয়েছে।