১৪ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আ ফ ম কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার রাত ১০টা ২০ মিনিটে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ রোববার বাদ আসর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরআগে বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রবীণ এই রাজনীতিবিদের মরদেহে নগরভবনে রাখা হবে। বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত সিলেট ডায়াবেটিক হাসপাতাল ভবনে সমিতির সদ্য প্রয়াত সহ-সভাপতির মরদেহের প্রতি সমিতি ও হাসপাতালের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে।
আ ফ ম কামাল ১৯৮৩ ও ১৯৮৮ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি মেয়র পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে, প্রবীণ রাজনীতিবিদ আ ফ ম কামালের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ বিশিষ্ট ব্যক্তিরা।