৪ জুলাই ২০১৯
উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল

মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মো.রফিক মিয়া (২২) নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক যুবক মিয়ানমারের রাখাইন রাজ্যর মন্ডু জেলার ফকিরবাজার গ্রামের মো. নূরে আলম ছেলে।
বুধবার রাতে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ রোহিঙ্গা বলে স্বীকার করেছে। তার ভাষা আমরা কেউ বুঝি না, আমাদের ভাষাও সে বুঝতে পারে না। থানা থেকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগ করছি। সেখানে তাকে পাঠানো প্রক্রিয়া চলছে। বর্তমানে সে থানা হেফাজতে আছে।
স্থানীয়রা জানান, বিকালে শ্রীমঙ্গল পৌর শহরের ভানুগাছ রোডের একটি চা-পাতার দোকানে সাহায্য নিতে এলে ওই তরুণের প্রতি সন্দেহ হয় দোকানমালিকসহ কয়েক ব্যক্তির। পরে তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।