২৭ আগস্ট ২০১৭


জমে উঠেছে কাজিরবাজার পশুর হাট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার আর মাত্র সপ্তাহ খানেক বাকি। দরজায় কড়া নাড়ছে ঈদ। যত দিন ঘনিয়ে আসছে তত উদ্দীপনা বাড়ছে। ঈদুল আজহার অন্যতম উৎসব হচ্ছে পশু কুরবানি দেয়া। সাধ্যমতো চেষ্টার কমতি থাকে না কারো। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি। এ ঈদকে সামনে রেখে অনেক প্রবাসীর আগমন ঘটে। জমে ওঠে গুরুর হাট। নগরীতে কাজিরবাজার পশুর হাটই সবচেয়ে বড় ও একমাত্র বৈধ হাট ।

কাজিরবাজার পশুর হাট ঘুরে দেখা যায়, দেশের নানা প্রান্ত থেকে পশু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। তবে এখনও বাজার জমতে শুরু করেনি। শেষমুহূর্তে বাঁশ টিন দিয়ে ঘর সাজাতে ব্যস্ত রয়েছেন ব্যবসায়ীরা। দু-তিন দিনের মধ্যেই বাজার জমে ওঠবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। দেশি গরুর পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত ও নেপাল থেকে প্রচুর গরু ওঠেছে কাজিরবাজার পশুর হাটে।

কথা হয় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফাইজুল্লাহ সাঈদের সাথে, তিনি জানান প্রতিবছর তিনি কাজিরবাজার পশুর হাট থেকে গরু কিনে থাকেন। তবে বাজার দেখতে এসেছেন।

তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে অনান্য বছরের তুলনায় এবার গরুর দাম একটু কম। তা যেন স্থিতিশীল থাকে।

বাজার ঘুরে দেখা যায়, দেশের নানা প্রান্ত থেকে বেপারিরা গরু বেপারিরা গরু নিয়ে হাটে আসছেন। তবে ক্রেতা হিসেবে যারা আসছেন তাদের বেশিরভাগই বাজার দর তদারকি করতে আসছেন।

দেশে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় এবার বিপুল সংখ্যক প্রবাসী পরিবার-পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে দেশে এসেছেন। তেমনি একজন কাওছার সজীব যুক্তরাষ্ট্র থেকে এসেছেন।

তিনি বলেন, সব সময় ছুটি পাওয়া যায় না। গরু কিনতে এসেছি, বাজার ঘুরে দেখলাম। পছন্দসই গরুর খোঁজ করছি।

শেরপুরের সাইদুল ইসলাম দেশি-বিদেশি ২৬ টি গরু নিয়ে এসেছেন।

তিনি বলেন, আমার এখানে বিশ হাজার থেকে শুরু করে দু লক্ষ টাকায় বিক্রি করার মতো গরু রয়েছে। আগামী রবিবারের মধ্যে বাজার জমে ওঠতে পারে বলে জানান তিনি।

 

(আজকের সিলেট/২৭ আগষ্ট/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন