২০ জুন ২০১৯


নগরীতে ৬১ হাজার ৮৩৮ শিশু খাবে ভিটামিন এ প্লাস

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : এবার সিলেট নগরীর ৬১ হাজার ৮৩৮ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। আগামী ২২ জুন সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ২৭ ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন এলাকা, বাস স্ট্যান্ড ও রেল স্টেশনসহ সর্বমোট ২৪৭টি কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আর এ কর্মসূচী বাস্তবায়নে কাজ করবে ৪৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী কর্মী।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট সিটি কর্পোরেশনের হল রুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১য় রাউন্ড) ২০১৯ কে সামনে রেখে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভায় মেয়র আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।

এছাড়া ক্যাম্পেইন চলাকালিন সময়ে ৫৪ জন সুপারভাইজার সার্বক্ষণিক এর তদারকিতে থাকবেন বলেও জানান তিনি।

সভায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- ”ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ্য ও সবল রাখতে হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে বিকল্প নেই। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আন্তরিকতার সাথে সংশ্লিষ্টদের দায়িত্ব পালন করলেই তবে আমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ মা ও শিশুদের সুস্থ রাখতে সক্ষম হবো।”

তিনি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহেদুল ইসলাম সুমন।

তিনি বলেন- সিসিকের ২৭ টি ওয়ার্ডে স্থায়ী টিকাদান কেন্দ্র ৩০ টি, অস্থায়ী টিকাদান কেন্দ্র ১০৬ টি, অতিরিক্ত টিকাদান কেন্দ্র ৭৯ টি ও ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র ৩২ টি। ক্যাম্পেইনে সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান।

ভিটামিন এ প্লাস এর মান সম্পর্কে ডা. জাহেদুল ইসলাম বলেন- প্রতিবছর ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্রয়ের জন্য ইউনিসেফ ফান্ড দিতো। তবে এবার তারা ফান্ড না দিয়ে সরাসরি ঔষধ কিনে দিচ্ছে। যা কেনা হয়েছে কানাডা থেকে এবং তার মান পরীক্ষা করেছে সিঙ্গাপুর। এতে ঔষধ নষ্ট বা মানহীন থাকার কোনো সুযোগ নেই।

এছাড়া এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১য় রাউন্ড) ২০১৯ সফল করতে বৃহস্পতিবার বিকেল থেকেই নগরীতে মাইকিং এবং শুক্রবার মসজিদভিত্তিক প্রচারণা হবে। এ প্রচারণায় সংবাদ মাধ্যমকেও ভূমিকা রাখার আহবান জানান তিনি।

শেয়ার করুন