২৯ মে ২০১৯
জেলা প্রতিনিধি

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা কারাগারে সিরাজ মিয়া (৬০) নামে ৩০ দিনের সাজার আদেশপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার মৃত আলিম মিয়ার ছেলে।
মঙ্গলবার রাত ১টা ৫০ মিনিটে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন জানান, সম্প্রতি টাউট আইনে ভ্রাম্যমাণ আদালতে সাজার আদেশপ্রাপ্ত হিসেবে তাকে কারাগারে পাঠানো হয়। সিরাজ মিয়ার কয়েদী নং- ২৭৬১/এ। কারাগারে থাকা অবস্থায় গত রাত ১২টা ৫০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন জেল কর্তৃপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিদিন তৈরি শেষে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।