২৬ আগস্ট ২০১৭
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির জগন্নাথপুর-কেশবপুর সড়কের হাসপাতাল শান্তিনগর মোড় থেকে জগন্নাথপুর ডিগ্রি কলেজ গেইট এলাকা পর্যন্ত প্রায় ৩শ ফুট সড়কটির মারাত্মক গর্ত সৃষ্টি হয়েছে। এতে ঝুকিপূর্ণভাবে যান চলাচলের পাশাপাশি পায়ে হেঁটে যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জগন্নাথপুর হাসপাতাল ও ডিগ্রি কলেজে যাতায়াতের প্রবেশমুখে গুরুত্বপূর্ণ এ সড়কটির বেহাল চিত্র সংশ্লিষ্ট দপ্তরের নজরে না আসায় হতাশা ব্যক্ত করেছেন ভুক্তভোগী জনসাধারণ ও শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানান, এলজিইডির তত্ত্বাবধানে ঠিকাদার পুনঃসংস্কারের কাজ করে যাওয়ার সাথে সাথেই সড়কটির পিচ উঠে গিয়ে অসংখ্য খানা খন্দকের পাশাপাশি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তগুলোতে বৃষ্টির পানি জমে খালে পরিণত হয়েছে। এর ফলে প্রতিনিয়ত ছোট-বড় যানবাহন কিংবা পায়ে হেটে যাতায়াতকারী লোকজন গর্তের পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এছাড়া স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা রাস্তার নাজুক পরিস্থিতির কারনে ক্ষোভ প্রকাশ করেছেন। সড়কটির বেহাল দশার কারনে সড়কের দু পাশে নির্মিত মার্কেট ও দোকানগুলোতে ক্রেতারা নিয়মিত যাতায়াত না করায় অনেক ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন।
(আজকের সিলেট/২৬ আগষ্ট/ডি/এসসি/ঘ.)