১৯ মে ২০১৯


কর্মসংস্থান ও জনশক্তি অফিসের অনিয়ম তদন্তে কমিটি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বিদেশযাত্রীদের আঙ্গুলের চাপ নিতে অতিরিক্ত টাকা আদায় ও গণমাধ্যমে তথ্য না দেয়া সহ বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতি তদন্তে একটি কমিটি গঠন করেছে জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো। তদন্ত কমিটি শীঘ্রই সিলেটে এসে সরেজমিন প্রাপ্ত অভিযোগের বিষয়ে তদন্ত করেব।

জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো প্রশাসন শাখার পরিচালক মোঃ আতাউর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেটকে বলেন, সিলেট কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বিভিন্ন অনিয়মের সংবাদ দেখার পরই আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করি। আমরা ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির কাছে পেপার কাটিংও দেয়া হয়েছে। তারা শীঘ্রই সিলেটে যাবে।

তিনি বলেন, অনিয়মের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। সে যে পর্যায়েরই কর্মকর্তা হোকনা কেন, তাকে শাস্তি পেতে হবে। আমরা এই বিষয়ে জিরো ট্ররারেন্সে আছি।

প্রসঙ্গত, দীর্ঘ দিন থেকেই বিএমইটির সিলেট অফিসে একটি সিন্ডিকেট কাজ করছে। তাদের নির্দিষ্ট দালাল ছাড়া সাধারণ বিদেশ যাত্রীরা আঙ্গুলের ছাপ দিতে ভোগান্তি পোহাতে হয়। অনেকে বাধ্য হয়েই দালালদের স্মরণাপন্ন হন।

এ নিয়ে গত ১৩ মে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম-এ ‘টাকা ছাড়া আঙ্গুলের ছাপ নেয়না জনশক্তি অফিস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এর পরই তোলপাড় শুরু হয় সংশ্লিষ্ট দপ্তরে। এর পর ১৫ মে ‘তথ্য দিতে চান না ফিঙ্গার অফিসের এডি, এ্যকশনে যাচ্ছে বিএমইটি’ শিরোনামে একটি ফলোআপ রিপোর্ট প্রকাশের পরই বিএমইটি বিষয়টি তদন্তের জন্য এই কমিটি গঠন করে।

শেয়ার করুন