২৫ আগস্ট ২০১৭
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম জালাল মিয়া। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কালা শ্রীপুর গ্রামের মৃত আয়াতউল্লাহর ছেলে।
শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর বাজারে বাদাম কেনা নিয়ে জালাল মিয়ার সঙ্গে একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত ইছকান্দর আলীর ছেলে সাজন মিয়া, সিকান্দর আলীর ছেলে জামাল উদ্দিন এবং বেতাগড়া গ্রামের সরাফত আলীর ছেলে আইয়ুব আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা জালাল মিয়াকে ধারধর করে আহত করে। পরে জালাল মিয়াকে তার স্বজনরা শ্রীপুর বাজারে স্থানীয় চিকিৎসকে কাছে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর তিনি মারা যান।
নিহতের ভাতিজা শেরুজ্জামানের দাবি, মারধরের কারণে তার চাচা মারা গেছে।
তাহিরপুর থানার এসআই আমির উদ্দিন বলেন, জালাল মিয়ার লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর জানান, এ ঘটনায় নিহতের ভাই আব্বাস আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
(আজকের সিলেট/২৫ আগষ্ট/ডি/এসসি/ঘ.)