১৬ মে ২০১৯


মৌলভীবাজারে তিন ছাত্রী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৪

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

মৌলভীবাজার : মৌলভীবাজারে তিন কলেজছাত্রীর বাসায় ঢুকে শারীরিকভাবে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় চার বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি সদর উপজেলার বড়বাড়ি সোনাপুর এলাকার আজিজুর রহমানের ছেলে সাদনান রহমান নাভেদ (২১), একই এলাকার আব্দুল মতিনের ছেলে ফাহাদ আহমদ মুন্না (২৪), আফতাব উদ্দনের ছেলে সায়েম আহমদ (২৩) ও রৌশন মিয়ার ছেলে লোকমান আহমদ (২৩)।

বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে সদর উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন ছাত্রীকে নির্যাতনের ঘটনায় তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিম ওই তিন কলেজছাত্রীর জবানবন্দি নেওয়া হয়েছে। মামলা তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার রাতে শহরতলীর সোনাপুর এলাকায় দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তিন কলেজছাত্রীকে বাসা ঢুকে নাভেদ ও তার সহযোগীরা শারীরিকভাবে নির্যাতন করেন। এ ঘটনায় এক ছাত্রীর ভাই বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন