২ মে ২০১৯
জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : দখল হয়ে যাচ্ছে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাশের নয়নাভিরাম খালটি। ১২ মাইল দীর্ঘ সড়কের দু’পাশের ওই খালটি এখন দখলের প্রতিযোগিতা চলছে। ইতোমধ্যেই বিভিন্ন স্থানে নানা প্রক্রিয়ায় খালের অংশ বিশেষ গ্রাস করে নিয়েছে ভূমি খেঁকোরা। অনেক ক্ষেত্রে অবৈধ দখল পাকাপোক্ত করতে জাল দলিল সৃষ্টি করা হয়েছে। কালার ডোবা থেকে আতুকুড়া পর্যন্ত সড়কের দু’পাশে খালের বড় অংশ জমির সঙ্গে মিশিয়ে ফেলেছে অবৈধ দখলকারীরা।
মশাকলি গ্রামের সম্মুখে খাল ভরাট করে কাটা তারের বেড়া দিয়েও দখল করা হয়েছে কিছু অংশ। ইদানিং ভাটিপাড়া গ্রামের নিকটে সড়কের পূর্বপাশের খালে দু’টি বাঁধ দিয়ে একটি পুকুর তৈরি করেছে প্রভাবশালীরা। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হওয়া ছাড়াও হাওরের সৌন্দর্য্য হানি হয়েছে। এই দখল প্রক্রিয়া অব্যাহত থাকলে অদুর ভবিষ্যতে সড়কের দু’পাশের নয়নাভিরাম খালের অস্তিত্ব একেবারেই হারিয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার জানান, জেলা সদরের সাথে উপজেলা সদরের যোগাযোগ রক্ষাকারী সড়ক ও জনপথ বিভাগের এই সড়কের পাশে খালে বাঁধ দিয়ে পুকুর তৈরি করার ব্যাপারে তিনি সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছেন। সড়ক ও জনপথ বিভাগ ইতিমধ্যে খালে বাঁধ নির্মাণকারী ব্যক্তিকে চিঠি দিয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত কোন কার্যকরী ব্যবস্থা গৃহীত না হওয়ায় তিনি বিষয়টি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উত্থাপনসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।