২৭ এপ্রিল ২০১৯
জেলা প্রতিনিধি

মৌলভীবাজার : মৌলভীবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুজিবুর রহমান জিতু (২৬) নামে এক চিহ্নিত ইয়াবা বিক্রেতা নিহত হয়েছেন।
নিহত মুজিবুর রহমান জিতু শহরের বেরিরচর এলাকার ফরকিছ মিয়ার ছেলে। তিনি জেলার শীর্ষ ইয়াবা বিক্রেতা, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় পুলিশের এক এসআইসহ তিন পুলিশ আহত হয়েছেন। এ সময় ইয়াবাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মৌলভীবাজার-রাজনগর সড়কের রায়শ্রী নামক স্থানে জিতুকে আটকের জন্য পুলিশ অভিযানে গেলে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
এ ঘটনায় আহতরা হলেন- গোয়েন্দা পুলিশের এসআই মুবিন উল্লাহ (৪৫), কনস্টেবল কবির আহমদ (৪৪) ও কনস্টেবল সোহেল মিয়া (৪০)। তারা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, নিহত জিতু একজন চিহ্নিত ইয়াবা বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনা-বেচার খবর পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর উপজেলার রায়শ্রী এলাকায় অভিযান চালায়। এসময় জিতু ও তার সঙ্গীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জিতুর সঙ্গীরা পিছু হটে গেলে জিতুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।