২১ এপ্রিল ২০১৯
জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জে সিএনজি অটোরিক্সার স্ট্যান্ড দখল নিয়ে দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যান্যদের চিকিৎসা দেয়া হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে এঘটনা ঘটে ।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে হবিগঞ্জ সদর উপজেলার ধল বাজারে সিএনজি অটোরিক্সার একটি স্ট্যান্ড দখল নিয়ে স্থানীয় সিএনজি শ্রমিক ও ইজিবাইক শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৪০ শ্রমিক আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
হবিগঞ্জ সদর থানার ওসি মুহাম্মদ শহিদুল রহমান জানান, একটি সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।