২০ এপ্রিল ২০১৯


শ্রীমঙ্গলে সড়কে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল

মৌলভীবাজার : শ্রীমঙ্গলে পূর্বশত্রুতার জেরধরে দুটি সড়কে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। রাস্তায় বেড়া দেয়ার ফলে গত একমাস ধরে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী ও জনসাধারণের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলায় ভূনবীর ইউনিয়নের আঐ ও পশ্চিম লইয়ারকুল গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত কালাহুপা ছড়ার দুটি কাচা রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে একই গ্রামের মো: চেরাগ আলী, মো. জবান উল্লাহ ও শহীদ উল্লাহ।

তাদের পরিবারের লোকজন ওই দুই রাস্তায় বাঁশের তৈরি বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে। রাস্তা বন্ধ করায় শিক্ষার্থীসহ এলাকাবাসী যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ঘটনায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গ্রামবাসী অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পাশের বাড়ির একখন্ড জমি কেনাকে কেন্দ্র করে প্রতিহিংসার বশবর্তী হয়ে কয়েকটি পরিবারের লোকজন রাস্তায় বাঁশের তৈরী বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে।

আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে আগে অবাধে যাতায়াত করেছি। কিন্তু বাঁশ দিয়ে বেড়া দেওয়ায় আমাদের চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। গ্রামের নানাবিধ সমস্যা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এই প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে।

প্রবাসী পরিবারটি বিত্তশালী হওয়াতে তাদের ভয়ে কেউ বেড়াটি অপসারণ করার সাহস পাচ্ছে না। তারা পরোক্ষভাবে হুমকি দিচ্ছে যে, কেউ বেড়া তোলার চেষ্টা করলে তাদের খুন করে ফেলবে। স্থানীয়রা এ বিষয়ে কেউ কোন সমাধান দিতে পারেনি।

এ ঘটনায় পশ্চিম লইয়ারকূল গ্রামের বেশকয়েকটি পরিবার মো:চেরাগ আলী, মো: জবান উল্লাহ ও শহীদ উল্লাহর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অবগতির জন্য জেলা প্রশাসক,পুলিশ সুপার,মৌলভীবাজার,উপজেলা চেয়ারম্যান শ্রীমঙ্গল থানা,উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার ও শ্রীমঙ্গল প্রেসক্লাব বরাবর অনুলিপির মাধ্যমে অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমি অভিযোগের বিষয়টি তদন্ত করছি। আগামী রোববার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন