১১ ফেব্রুয়ারি ২০২৩


সবজি চাষে সফল আমির আলী

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সবজি চাষ করে নিজের ভাগ্য বদল করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার কালিবাড়ি (রহমত নগর) গ্রামের আমির আলী। নিজের মালিকানাধীন ৯০ শতক পতিত জমিতে সবজি চাষ করে তিনি এখন স্বাবলম্বী। তাকে দেখে পার্শ্ববর্তী এলাকার বেকার যুবকরা আগ্রহী হয়ে উঠছেন সবজি চাষে।

জানা গেছে, সিলেট ক্যাডেট কলেজের এক সেনা কর্মকর্তার ‘ব্যক্তিগত কর্মী’ ছিলেন আমির আলী। বেতন-ভাতা হিসেবে যা পেতেন তা দিয়ে কোনো রকম চলতো তার পরিবার। কিছুদিন আগে চাকরিটি হারান তিনি। পরিবারের ভরণপোষণ ও ব্যয়ভার মেটানো নিয়ে পড়েন চিন্তায়।

শেষে বাড়ির পাশে থাকা নিজের পতিত জমিতে সবজি চাষের পরিকল্পনা করেন আমির। পরিচিত ও ঘনিষ্ঠজন থেকে টাকা ধার করে সবজি চাষ শুরু করেন। শীতকালীন সবজি গাজর, লাউ, টমেটো, মরিচ, বেগুন, শিম, বাঁধা কপি, ফুল কপি, শসা, লালশাক, ধনে পাতাসহ বিভিন্ন সবজির চাষ করেন। ফলনও হয় বেশ ভালো। সবজি বিক্রি করে তিনি বেশ লাভবান হয়েছেন। এবার শীত মৌসুমে প্রায় দুই লাখ টাকার সবজি বিক্রি করেছেন তিনি।

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মৌসুমে আরও চার-পাঁচ লাখ টাকার ব্যবসা করতে পারবেন বলে আশাবাদী আমির। আমির আলী জানান, সরকারী কোনো প্রকার সহায়তা ছাড়াই তিনি সবজির জমি করেছেন। পোকার আক্রমণে শিম গাছে কিছুটা ক্ষতি হলেও সবজির বাম্পার ফলন হয়েছে। প্রতিদিন সবজি ক্ষেত পরিচর্যা করতে হচ্ছে। প্রতিদিনই সবজির পাইকাররা সবজি নিতে আসেন। এ কারণে তাকে ব্যস্ত সময় কাটাতে হয়।

শীত শেষে বর্ষাকালীন সবজি ঝিঙ্গা, চিচিঙ্গা, ডাটাশাক, কুমড়া, ঢেঁড়শ ইত্যাদি ফলাতে চান আমির আলী। এজন্য তিনি উপজেলা কৃষি অফিসের সহযোগিতা কামনা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, আমির আলী একজন পরিশ্রমী কৃষক। পরিশ্রমই তাঁকে সাফল্য এনে দিয়েছে। তাঁর উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। যেকোনো প্রয়োজনে উপজেলা কৃষি অফিস তার পাশে রয়েছে।

শেয়ার করুন