১৮ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের বিরোদ্ধে মুক্তিযোদ্ধা সংসদের ভূমি দলের অভিযোগ তুলে তা উদ্ধারের জন্য রাস্তায় নেমেছেন মুক্তিযোদ্ধারা।
বুধবার নগরের জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ভূমি উদ্ধারের জন্য আলটিমেটামও দেওয়া হয়।
মানববন্ধন থেকে বক্তারা বলেন- মুক্তিযোদ্ধা সংসদের মালিকানা প্রায় দুই শতক ভূমির উপরে দোকানকোঠা দখলমুক্ত রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সিলগালা করে রাখে জেলা প্রশাসন। কিন্তু ওইসব দোকানকোঠা বেআইনিভাবে দখল করে নিয়েছেন প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতা। তিনি রাতারাতি পত্রিকার ছাপাখানার মালামাল ওখানে স্থানান্তর করে নিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২২ এপ্রিলের মধ্যে দোকানকোঠাগুলোর দখল ছাড়তে হবে। অন্যথায় মুক্তিযোদ্ধারা আন্দোলনে নামবে। তাতে যদি ওই আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধাদের উপর হাত তোলারও চেষ্টা করেন, তাতেও মুক্তিযোদ্ধারা পিছপা হবে না।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও মহানগর সন্তান কমান্ডের আহ্বায়ক নুর আহমদ কামালের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ডেপুটি কমান্ডার মো. আক্রম আলী, সহকারী কমান্ডার সাইফুল হোসেন ফটিক, সহকারী কমান্ডার সুবেদার আফতাব উদ্দিন, আলী আহজদ, সুবেদার মেজর রফিক উদ্দিন আহমদ, সদর কমান্ডার এরশাদ আলী, দক্ষিণ সুরমা কমান্ডার কুটি মিয়া, বিশ্বনাথ কমান্ডার হাজী ওয়াহিদ আলী, ওসমানীনগর কমান্ডার মো. ফারুক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি সারোয়ার আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, ছাব্বির আহমদ, ছিফৎ আহমদ, যুবকমান্ড নেতা মনোজ কপালী মিন্টু প্রমুখ।
এদিকে, মুক্তিযোদ্ধা সংসদের একমাত্র অবলম্বন মালিকানা দোকানকোঠাগুলো আওয়ামী লীগ নেতা নাদেল দখলে নেওয়ায় সিলেটে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। যদিও নাদেলের পক্ষ থেকে দাবী করা হয়েছে যে দোকানটি তিনি ক্রয় করেছেন। এরইমধ্যে বিষয়টি জেলা প্রশাসনও দেখে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।