১১ এপ্রিল ২০১৯


জেলা পরিষদে তোপের মুখে মোকাব্বির খান

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট

সিলেট : সিলেট জেলা পরিষদে একটি অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন সিলেট-২ আসন থেকে সদ্য শপথ নেয়া ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত সংসদ সদস্য গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। অনুষ্ঠানস্থলে তিনি প্রবেশের পরই বিএনপি নেতাকর্মীরা হল থেকে বের হয়ে যান। মোকাব্বির খানকে আমন্ত্রণ করায় আয়োজকদের উপরও ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

ঘটনার একপর্যায়ে জেলা পরিষদের হলরুমের বাইরে মহিলাদলের নেত্রীরা মোকাব্বিরের উপর মারমুখী হয়ে ওঠেন। তার উপস্থিতির খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও জেলা পরিষদে আসতে থাকেন। এমতাবস্থায় মোকাব্বির খান দ্রুত জেলা পরিষদ এলাকা ত্যাগ করেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ, বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আইডিয়া নামক একটি বেসরকারি সংস্থা একটি সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের মানোন্নয়ন শীর্ষক অভিজ্ঞতা বিনিময়’। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হন সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান। তাকে দেখেই উপস্থিত বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা অনুষ্ঠানে মোকাব্বির খানের উপস্থিতির কারণ জানতে চান আয়োজকদের কাছে। একপর্যায়ে বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করে বের হয়ে আসেন। এসময় হলরুমের বাইরে মহিলা দলের নেত্রীরা মোকাব্বিরের উপর মারমুখী হয়ে ওঠলে বিএনপি নেতারা তাদেরকে শান্ত করার চেষ্টা করেন।

তিনি বলেন, মোকাব্বির খানের উপস্থিতির কথা জানতে পেরে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরাও জেলা পরিষদে আসতে থাকেন। এসময় মোকাব্বির খান দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তার অনুষ্ঠানস্থল ত্যাগের পর বিএনপি ও মহিলা দল নেতারা আবারও অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে অংশ নেয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ জানান, মোকাব্বির খান অনুষ্ঠানস্থলে আসার পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বের হয়ে যান। পরে বক্তব্য দিয়েই মোকাব্বির খান চলে যান।

তবে আয়োজক প্রতিষ্ঠান আইডিয়ার আহ্বায়ক ড. আবুল ফতেহ ফাত্তাহ বিক্ষোভের কথা অস্বীকার করে জানান, মোকাব্বির খান অনুষ্ঠানের অতিথি ছিলেন। তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশের পরই বিএনপি নেতারা বের হয়ে গেলেও মোকাব্বির খান বক্তব্য দিয়ে চলে যাওয়ার পর তারা পুণরায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন গণফোরামের মোকাব্বির খান। এরপর ঐক্যফ্রন্ট ও গণফোরামের সিদ্ধান্ত না মেনে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় তার উপর ক্ষুব্ধ হয় সিলেট বিএনপি। জোটের সিদ্ধান্ত অমান্য করায় মোকাব্বিরকে চড়া মাশুল দিতে হবে এমন হুমকিও দেন বিএনপি নেতারা।

শেয়ার করুন