১১ এপ্রিল ২০১৯


বৈশাখী কেনাকাটায় মুখর, ব্যস্তদের ভরসা অনলাইন

শেয়ার করুন

এ.এস রায়হান (অতিথি প্রতিবেদক)

সিলেট : বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। হাজারো ছন্দ-কবিতা ও প্রাণের উচ্ছাসে বছর ঘুরে দ্বারপ্রান্তে এসেছে বৈশাখের নতুন বার্তা। প্রতি বছর এ দিনকে ঘিরে বাঙালি জাতি আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠান।

বাংলা নববর্ষকে ঘিরে শত কর্মব্যস্ততার মধ্যেও নগরবাসীর মধ্যে উঁকি দিচ্ছে একাধারে বসন্ত বিদায় ও বর্ষবরণের আমেজ।

নববর্ষের দিনে কে কোন পোশাকে বের হবেন- সেটা নিয়েই চলছে নগরবাসীর যত সব আয়োজন। আর এই বৈশাখের পোশাকের জন্য এখন মুখরিত নামি দামী বিপণী বিতানগুলো।

বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান নানা পন্যের পসরা সাজিয়ে বসেছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানের আছে নিজস্ব সংগ্রহ এবং ভিন্নতা। সবাই নতুন কালেকশন ক্রেতাদের জন্য সাজিয়ে রেখেছে। পোশাকে দেশীয় ঐতিহ্যের পাশাপাশি রয়েছে আধুনিকতার সমন্বয়।

নববর্ষকে সামনে রেখে বিপনিবিতানগুলোতে নতুন নকশা ও বৈচিত্র্যের পোশাক এসেছে। অভিজাত বিপনিবিতান থেকে শুরু করে ফুটপাত সকল দোকানেই ছেয়ে গেছে বৈশাখের রকমারি পন্যে। আর বৈশাখ উপলক্ষ্যে দোকানিরা নানা আকর্ষণীয় অফার দিয়েছে। ক্রেতাদের উপস্থিতিও বেশ। বিশেষ করে নগরের জিন্দাবাজার, বারুতখানা, বন্দরবাজার, লামাবাজার, নয়াসড়ক, কুমারপাড়া এলাকার কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় চোখের পড়ার মতো।

জিন্দাবাজার এলাকায় কথা হয় সিলেট এমসি কলেজের শিক্ষার্থী সামিয়া আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘বান্ধবিদের নিয়ে এত সাথে কেনাকাটা করতে এসেছি। পয়লা বৈশাখের দিন আমরা সবাই একই রঙের শাড়ি পরব।’

বন্দরবাজারের ফুটপাতে কথা হয় লিয়াকত নামের এক রিকশা চালকের সাথে। তিনি জানান, ‘ছেলে- মেয়ে বৈশাখী কাপড় কেনার জন্য কয়েক দিন ধরেই বায়না ধরেছে। তাই ফুটপাত থেকে কাপড় কিনতে এসেছি।’

অন্যদিকে অনলাইনে কেনাকাটা বর্তমান সময়ে জীবনযাপনের নতুন এক অধ্যায়। ব্যস্ততার এ সময়ে নিজের জন্য সময় বের করা থেকে কঠিন আর কিছু নেই। কাজের চাপে সময় করে বাজার ঘুরে পোশাক খুঁজে নেওয়ার সময় এখন অনেকেই করে উঠতে পারেন না। সকাল সন্ধ্যায় ব্যস্ত মানুষের জন্য তাই অনলাইন মার্কেট ভরসার এক নাম।

অনলাইনে কেনাকাটার ই-কমার্স সাইট, ই-কমার্স মার্কেটপ্লেস, ফেইসবুক কমার্সসহ ছোটবড় সাইটগুলো বিভিন্ন অফার ঘোষণা করেছে। এসব অফারের মধ্যে রয়েছে মূল্য ছাড়, ফ্রি, ক্যাশব্যাক ও কম মূল্যে হোম ডেলিভারির সুবিধা। ক্রেতারা এসব অফারের সুযোগ নিয়ে ঘরে বসেই কেনাকাটা করছেন। ফলে অনলাইনেও জমে উঠেছে বৈশাখী পণ্যের বাজার।

এদিকে, পহেলা বৈশাখের অনুষ্ঠানে ব্যাগ, থলে, পোটলা, সুটকেট, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় বস্তু বহন না করার আহবান জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। এছাড়াও সিলেটবাসী যাতে নির্বিঘ্নে বৈশাখী অনুষ্ঠান পালন করতে পারেন এ জন্য আরও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন