১০ এপ্রিল ২০১৯


সিলেট গ্যাস ফিল্ড এমডির ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লুৎফর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গ্যাস ফিল্ডের বাসভবনে লুৎফর একা থাকতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী ঢাকায় থাকেন।

বুধবার দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় তার বাসভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, সকালে অফিসে আসতে দেরি হওয়ায় সহকর্মীরা তাকে ফোন করছিলেন। কোনো সাড়া না পেয়ে গ্যাস ফিল্ড অফিসের ভেতর তার বাসভবনে গিয়ে জানলা দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। এসময় ওই কক্ষের দরজা ভেতর থেকে আটকানো ছিল।

জৈন্তাপুর থানার ওসি ময়নুল জাকির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কী কারণে লুৎফর রহমানের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

লুৎফরের বাড়ি ময়মনসিংহে। ২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।

শেয়ার করুন