৯ এপ্রিল ২০১৯
উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার

সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের চেলা নদীতে পাথর উত্তোলনের সময় বজ্রপাতে আলী হোসেন (২৭) নামের এক বারকি শ্রমিক নিহত হয়েছেন। নিহত আলী হোসেন উপজেলার সোনাপুর গ্রামের মৃত শাফির উদ্দিনের ছেলে। এ সময় তার সাথে থাকা আরও দুই শ্রমিক আহত হয়েছেন। বজ্রপাতের ঘটনায় একই উপজেলার সুরমা ইউনিয়নের দুইজন নারী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সোনাপুর গ্রামের আশাব উদ্দিন (২৫), পার্শ্ববর্তী বুজনা গ্রামের আলমগীর (২৬), সুরমা ইউনিয়নের আজবপুর গ্রামের কলিম উদ্দিনের স্ত্রী জয়গুন নেছা (৪০) ও একই বাড়ির সুমন মিয়ার স্ত্রী রিমা আক্তার (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বারকি নৌকা নিয়ে চেলা নদীতে পাথর উত্তোলন করতে যান আলী হোসেনসহ তার সঙ্গীরা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আঘাত পান তারা। এ সময় ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন। স্থানীয়রা অন্য দুইজনকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের বর্তমানে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দোয়ারাজার থানার ওসি সুশীল রঞ্জন দাশ বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।