৯ এপ্রিল ২০১৯
জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান। অচেতন অবস্থায় সাবিকুন নাহার মীম নামে ওই ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মীম মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকার মাহবুব তালুকদারের মেয়ে। ওই শিক্ষকের মারপিটে আরও তিন ছাত্রী আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার দুপুরে উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর চাচা অ্যাডভোকেট সাজিদুর রহমান বলেন, দুপুরে টিফিন বিরতিতে শ্রেণিকক্ষ থেকে বেড়িয়ে যায় মীম এবং তার সহপাঠীরা। নির্দিষ্ট সময়ের ৪ মিনিট দেরিতে ক্লাসে ফেরায় তাদের ওপর চড়াও হন সহকারী শিক্ষক হাবিবুর রহমান। একপর্যায়ে তিনি বেত ও ডাস্টার দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকলে অচেত হয়ে পড়ে মীম। পরে সহপাঠী ও অভিভাবকরা তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে রেফার করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. কামরুল ইসলাম জানান, মেয়েটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। একাধিকবার বমিও করেছে সে। মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা থাকায় তাকে সিলেটে রেফার করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক হাবিবুর রহমান বলেন, ক্লাসের সময় বাইরে থাকায় বেত দিয়ে দু’টি আঘাত করেছি। এ ব্যাপারে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার অনুরোধ জানান তিনি।
প্রতিষ্ঠাটির প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।