৬ এপ্রিল ২০১৯
উপজেলা প্রতিনিধি

ফেঞ্চুগঞ্জ : মালবাহি ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৫ ঘন্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শনিবার ভোর রাত পৌনে ৩টার দিকে মালবাহি ট্রেনের বগিটি উদ্ধার করে কুলাউড়া ও সিলেট রেলওয়ে স্টেশন থেকে যাওয়া রিলিফ ট্রেন। এরপর রাত ৩টার দিকে মাইজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্ত: নগর উপবন এক্সপ্রেস, মোগলাবাজার থেকে চট্রগ্রামগামী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস এবং সিলেট রেলওয়ে স্টেশন থেকে জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
মাইজগাঁও রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ২টার দিকে উপবন ও উদয়ন ট্রেন দু’টি মাইজগাঁও রেলওয়ে স্টেশনে চালিয়ে নেওয়া হয়। রাত পৌনে ৩টায় দুর্ঘটনা কবলিত মালবাহি ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ভোররাত ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হলে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে মাইজগাঁও ছেড়ে যায়।
এর আগে শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে মাইজগাঁও স্টেশন আউটারে চট্রগ্রাম থেকে খালি ওয়াগন নিয়ে আসা শাহজালাল সারকারখানা থেকে সার বহনকারী বিসি স্পেশাল ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে করে রাত ১০টায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেস মোগলাবাজর স্টেশনে, চট্রগামগামী উদয়ন এক্সপ্রেস ও জালালাবাদ এক্সপ্রেস সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। পরে ট্রেনটি উদ্ধারে কুলাউড়া ও সিলেট রেলওয়ে স্টেশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে প্রায় ৫ ঘন্টা উদ্ধার কাজ চালায়।