৫ এপ্রিল ২০১৯
উপজেলা প্রতিনিধি

গোয়াইনঘাট : দেশের অন্যতম পর্যটনকেন্দ্র প্রকৃতিকন্যা জাফলং। প্রকৃতি এখানে প্রতিনিয়ত হাতছানী দিয়ে ডাকে ভ্রমণপিপাসুদের। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলের ঝর্ণাধারা আর পিয়াইনের বুকে সবুজের সমারোহ। পাথরের উপর পানির কলকলানি আর পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙবে যে কারও। আর এ সকল প্রাকৃতিক রূপবৈচিত্রের পাশাপাশী পর্যটকদের জন্য বাড়তি আরেকটি আকর্ষন হচ্ছে বল্লাঘাট শাহী জামে মসজিদ। ওই মসজিদের নিচ দিয়ে রয়েছে বিভিন্ন যানবাহনের চলাচলের সুবিধাসহ পথচারিদের যাতায়াতের ব্যবস্থা।
১৯৭৮ সালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মসজিদটি নির্মাণের পর থেকে র্দীঘ তিন যুগেরও বেশি সময় ধরে মসজিদের নিচ দিয়ে চলাচল করে আসছে বালু ও পাথরবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। একই সাথে স্বানীয় এলাকার লোকজনের পাশাপাশি জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের অনেকেই এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন। এতে তাদেরও জাফলংয়ে ভ্রমণের আনন্দের মাত্রা খানিকটা বেড়ে যায় বলে অনেক পর্যটক মন্তব্য করেন।
সপরিবাওে ঢাকা থেকে বেড়াতে আসা আমরি মিয়া মসজিদটির নিচ দিয়ে যাতায়াত করে রাস্তা পাড় হচ্ছেন। রাস্তা পাড় হয়ে তিনি জানান, প্রকৃতিকন্যা জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হবেন। এসকল প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি বল্লাঘাট শাহী জামে মসজিদের নিচ দিয়ে বিভিন্ন যানবাহনসহ যাতায়াতের ব্যবস্থা আরও আকর্ষনীয় করে তুলেছে। সব মিলিয়ে অনেক সুন্দর একটি যায়গা এটি।
জাফলংয়ের বল্লাঘাট পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লোকমান মিয়া জানান, প্রতিদিনই হাজার হাজার পর্যটকে মুখর থাকে জাফলং। বল্লাঘাট থেকে জিরো পয়েন্টে যাওয়ার জন্য অনেক পর্যটক ওই মসজিদের নিচের রাস্তা ব্যবহার করে থাকেন। তাতেও তারা বাড়তি বিনোদন নিয়ে রাস্তা পার হন বলে জানান তিনি।