২৯ মার্চ ২০১৯


নগরবাসীকে সতর্ক করল এসএমপি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট

সিলেট : নগরবাসীকে রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকার আহবান জানিয়েছে সিলেট মেট্টোপলিটন পুলিশ। চুরি, ছিনতাই ও রাহাজানি থেকে রক্ষা পেতে কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে তারা।

বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- চলাফেরার সময় গণপরিবহন ব্যতিত অন্য কোনো যানবাহন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, সিএনজি অটোরিকশায় পূর্ব থেকে অপরিচিত যাত্রী বসা থাকলে তা এড়িয়ে চলা অথবা পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করতে হবে, মূল্যবান ব্যাগ বা অন্যান্য জিনিস বাসস্ট্যান্ডের বাইরে রেখে টয়লেটে না যাওয়া, টয়লেট ব্যবহারে যেতে হলে পরিচিত সঙ্গীর কাছে জিনিসপত্র রেখে যাওয়া, যেসব স্থানে জনসাধারণের চলাচল কম সেসব স্থান এড়িয়ে চলতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ উল্লেখ করেছে, অপরিচিত যাত্রীর দেয়া কোনো কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকতে হবে, বড় অংকের টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা চাইতে অবহেলা না করা, ভোরবেলা বাস বা ট্রেন থেকে নেমে কাউন্টারের ওয়েটিং রুমে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করা, সিএনজি অটোরিকশায় ওঠার সময় সেটির রেজিস্ট্রেশন নম্বর লিখে রাখা বা মোবাইলে মেসেজের মাধ্যমে পূর্বেই আত্মীয়স্বজনকে অবহিত করা, রিকশায় চলাচলের ক্ষেত্রে অপরিচিত কাউকে সঙ্গী না করা, সন্দেহভাজন মোটরসাইকেল ব্যবহারকারী থেকে সতর্ক থাকা, বড় রাস্তা বা লোকজনের চলাচল বেশি এমনসব রাস্তা ব্যবহার করা, মোটরসাইকেল পার্কিংয়ের স্থানে সতর্কতার সাথে মোটরসাইকেল তালাবদ্ধ রাখা, অটোরিকশায় চলাকালীন সময়ে হঠাৎ মাঝপথে সেটি থামিয়ে দিলে কিংবা সন্দেহজনক আচরণ করলে সাথে সাথে পুলিশের সহায়তা নেয়া ও নিকটস্থ পুলিশ চেকপোস্টে নেমে পড়ার চেষ্টা করা, যে কোনো প্রয়োজনে জরুরি নম্বর ৯৯৯ এ যোগাযোগ করা।

প্রয়োজন হলে মহানগর পুলিশের কন্ট্রোল রুমের ০১৭১৩৩৭৪৩৭৫, ০১৯৯৫১০০১০০ নম্বরে যোগাযোগ করতে বলেছে পুলিশ। একইসাথে পুলিশ কমিশনার (০১৭১৩-৩৭৪৫০৬), অতিরিক্ত পুলিশ কমিশনার (০১৭১৩-৩৭৪৫০৭), ডিসি (সদর ও প্রশাসন ০১৭১৩-৩৭৪৫০৮), ডিসি (উত্তর ০১৭১৩-৩৭৪৫০৯), ডিসি (দক্ষিণ ০১৭১৩-৩৭৪৫১০) এবং ডিসি (ট্রাফিক ০১৭১৩-৩৭৪৫১১) নম্বরেও যোগাযোগ করা যাবে।

শেয়ার করুন